ভর্তি পরীক্ষা: ববিতে বসছে মোবাইল জ্যামার
শুক্রবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে এই কেন্দ্রগুলোতে জ্যামার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন।
এসময় পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্তসহ পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অসদুপায় অবলম্বন এবং অবৈধ পরীক্ষার্থী সনাক্তকরণসহ স্বচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণের জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা খ ইউনিটের, ৩টা থেকে ৪টা গ ইউনিটের এবং শনিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ৬টি অনুষদের ২৪ বিভাগে ১ হাজার ৪৪০টি আসন রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৫৬ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৩৫ জন। ক, খ ও গ এই ৩টি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।